
নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬ - ৮:২৯
• পঠিত: ৫ বার

শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ডিসেম্বর মাসে টানা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার ছুটির মেয়াদে রয়েছে ভিন্নতা। ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি শুরু হবে।
প্রকাশিত ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ১৮ দিন ছুটি পাচ্ছেন কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন এবং মাদ্রাসায় ১৫ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।
**প্রাথমিক বিদ্যালয়:** প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি এবং ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি মিলিয়ে টানা ১২ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়।
**মাধ্যমিক বিদ্যালয়:** মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি থাকবে। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১২ দিন ছুটি পাবে।
**কলেজ:** সরকারি ও বেসরকারি কলেজে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ ও বড়দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১৮ দিন বন্ধ থাকবে কলেজ।
**মাদ্রাসা:** সরকারি ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সব মিলিয়ে টানা ১৫ দিন বন্ধ থাকবে মাদ্রাসা।
এদিকে, ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত ছুটির তালিকা শীতকালীন অবকাশের মধ্য দিয়ে শেষ হবে। তবে প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি ব্যবহার করা হলে কিছু প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন অতিরিক্ত ছুটি পেতে পারেন।





