টিকটকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগে সীমা মিত্র নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া মহানগরের গোয়ালগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমা মিত্র বগুড়ার সুলতানগঞ্জপাড়ার গোয়ালগাড়ি এলাকায় আওয়ামী লীগ নেতা রাহুল গাজীর বাড়িতে আত্মগোপনে ছিলেন। রাহুল গাজী প্রয়াত ভাষাসৈনিক গাজিউল হকের ছেলে।
পুলিশের দাবি, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও ভিডিও তৈরি করে নিজের টিকটক অ্যাকাউন্টে প্রচার করে আসছিলেন সীমা মিত্র। ‘ভয়েজ অব ৭১’ ও ‘sima mittro 71’ নামের দুটি টিকটক অ্যাকাউন্ট থেকে এসব ভিডিও প্রচার করা হতো বলে জানায় পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, গ্রেপ্তারের পর সীমা মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।