জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বগুড়ার শিবগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা, মানবতা ও দেশপ্রেমের কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সচেতন করার পাশাপাশি মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যেই শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) এসএম তাজুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুব হাসান চৌধুরী, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, হারুনুর রশিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও অভিভাবকরা।