ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মকে স্মরণ করে নজরুল বর্ষ উপলক্ষে আনন্দ র্যালি ও উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকাল ১০টায় হরিপুর উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়। সভার আগে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) উজ্জ্বল বাইন, হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সাম্য-মানবতার বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনা সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পরে নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা করা হয়।