সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে আশি ও নব্বই দশকের সাজ-পোশাক ও লুক নিয়ে নানা ধরনের ট্রেন্ড। সেই ধারাবাহিকতায় এবার ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যকে নব্বই দশকের নায়কদের আদলে সাজিয়ে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের তিনটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিতে পূণ্যকে নীল টি-শার্ট ও নব্বই দশকের জনপ্রিয় ধাঁচের লম্বা চুলের কাটে দেখা গেছে। ছবিগুলোর সঙ্গে পরীমনি ক্যাপশনে লেখেন, ‘মাই রিয়েল নাইনটিস হিরো’।
ছেলের নতুন লুকের ছবি প্রকাশের পরপরই তা নিয়ে অনুরাগীদের মধ্যে বেশ সাড়া পড়ে। অনেকেই পূণ্যর চেহারা ও নতুন হেয়ারকাটের প্রশংসা করেছেন। কেউ কেউ তার মধ্যে বাবার ছায়াও দেখতে পেয়েছেন বলে মন্তব্য করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যে একজন লিখেছেন, ভবিষ্যতে পূণ্য অনেকেরই ‘ক্রাশ’ হতে পারে। আরেকজন তার লুককে ‘কিউট’ বলে প্রশংসা করেছেন। পাশাপাশি কয়েকজন মন্তব্য করেছেন, দেখতে অনেকটাই বাবার মতো হয়েছে সে।
শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্যকে নিজের কাছেই রাখছেন পরীমনি। পরবর্তীতে তিনি একটি কন্যাশিশুকেও দত্তক নেন, যার নাম সাফিরা সুলতানা প্রিয়ম। দুই সন্তানকে নিয়েই বর্তমানে সংসার ও অভিনয় ক্যারিয়ার সামলাচ্ছেন তিনি।
সম্প্রতি পরীমনির কোলে এক নবজাতককে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করছেন, তিনি হয়তো আরও একটি সন্তান দত্তক নিয়েছেন। তবে এ বিষয়ে পরীমনির পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।