বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি ও তাঁর সহধর্মিণীর সুস্থতা ও মঙ্গল কামনায় জয়পুরহাটের আক্কেলপুরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আক্কেলপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার নবাবগঞ্জ ঘাট দেবস্থান ও কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
প্রার্থনা সভায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জয়পুরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নিতিশ কুমার মন্ডল, আক্কেলপুর উপজেলা শাখার আহ্বায়ক সজল কুমার মহন্ত, সদস্য সচিব রতন কুমার শীল, নবাবগঞ্জ ঘাট দেবস্থান ও কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি শীতল কুমার দাস, উক্ত মন্দিরের পূজা কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার, বদলগাছী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্য্য, পুরোহিত চৈতন্য চ্যাটার্জী, রেলকলনি সর্বজনীন মন্দিরের সভাপতি রাজু মন্ডল, জয় কুমার পন্ডিত, মিঠু মহন্তসহ অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ফিরোজা বেগমের আত্মার শান্তি কামনা এবং দেশ ও মানুষের কল্যাণে প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপির দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার পাশাপাশি তাঁর সহধর্মিণীর সুস্থতা ও মঙ্গল কামনায় এ বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির সঙ্গে দুর্ঘটনায় পথচারী ফিরোজা বেগম (৫৫) গুরুতর আহত হন। পরে তিনি বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা গেছে, ফিরোজা বেগম হঠাৎ দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করলে তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর সহধর্মিণীও আহত হন।