বগুড়ার শাজাহানপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন, পণ্যের লেবেলে প্রয়োজনীয় তথ্য না দেওয়া এবং আয়োডিনযুক্ত লবণের পরিবর্তে শিল্প লবণ ব্যবহারের অভিযোগে একটি মুড়ি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। এ সময় কারখানা থেকে ১০০ কেজি শিল্প লবণ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলা প্রশাসন, শাজাহানপুর ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জমাদারপুকুর এলাকার পাপিয়া অটো মুড়ি মিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মুড়ি উৎপাদন, পণ্যের লেবেলে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য ও ওজন উল্লেখ না করা এবং আয়োডিনযুক্ত লবণের পরিবর্তে শিল্প লবণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে প্রতিষ্ঠানটির প্রতিনিধি বিলাশ দেবনাথকে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানা থেকে দুই বস্তা বা ১০০ কেজি শিল্প লবণ জব্দ করে ধ্বংস করা হয়।
এ ছাড়া শাজাহানপুরের বেতগাড়ী বটতলা, বনানী এলাকার রাগেব ট্রেডার্সে অভিযান চালানো হলে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ পাওয়া যায়।
অভিযানটি শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে পরিচালিত হয়। বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান ও পরিদর্শক (মেট) মো. আসাদুজ্জামান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসন ও বিএসটিআই, বগুড়ার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।