গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে জেলা হাজ্বী পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ধাপেরহাট হাজ্বী কল্যাণ সংগঠনের উদ্যোগে হিংগারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. আব্বাস আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র হজের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, হজ মানুষের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ব, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। হজ থেকে অর্জিত নৈতিক ও মানবিক মূল্যবোধ ব্যক্তিজীবন ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
জেলা ও উপজেলার বিভিন্ন এলাকার হাজ্বীগণ এ পূর্ণমিলনীতে অংশ নেন। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে তাঁরা পারস্পরিক কুশল বিনিময়, স্মৃতিচারণ ও মতবিনিময় করেন। এতে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, হাজ্বীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে এ পূর্ণমিলনীর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও হাজ্বী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তাঁরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।