
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ - ২০:৪৯
• পঠিত: ৩ বার

বগুড়ার সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ব্যবহার এবং মেঝেতে প্রস্তুতকৃত খাদ্য সংরক্ষণের অভিযোগে ‘স্মরনিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৫০ কেজি মিষ্টি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সোনাতলা রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, সোনাতলার সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া।
অভিযানকালে ‘স্মরনিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করতে দেখা যায়। এছাড়া নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করে মিষ্টি তৈরি, প্রস্তুতকৃত খাদ্য মেঝেতে সংরক্ষণ এবং মিষ্টান্ন তৈরির স্থানে কুকুর-বিড়ালের অবাধ প্রবেশের বিষয়টি দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া খাদ্য প্রস্তুতিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়ও অভিযানে প্রতীয়মান হয়।
এসব অপরাধে দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়।
অভিযানে আনুমানিক ৫০ কেজি মিষ্টি বিধি অনুযায়ী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের প্রচলিত সব আইন ও বিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, সোনাতলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক জাহাবুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মো. শরিফুল ইসলামসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় সোনাতলা থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
