পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বকুলতলা-তুলারডাঙ্গা সড়কের পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রেজাউল করিম রেজা পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকার বাসিন্দা। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। পঞ্চগড় সদর থানার সামনে কম্পিউটার কম্পোজের ব্যবসা করতেন তিনি। স্ত্রী ও তিন সন্তান নিয়ে রাজনগর এলাকায় বসবাস করতেন।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে রেজাউল করিম রেজা রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুলারডাঙ্গা এলাকায় সড়কের পাশে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
একই সঙ্গে ঘটনাস্থলটি ঘিরে রেখে আলামত সংরক্ষণের ব্যবস্থা করা হয়।
পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, ‘আজ সকাল আনুমানিক সাতটার দিকে ৯৯৯-এ কল আসে, তুলারডাঙ্গায় রাস্তার পাশে একটি অজ্ঞাত লাশ পড়ে আছে। খবর পাওয়ামাত্র আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে ক্রাইম সিন সিকিউর করা হয়। পরে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হলে তারা এসে আলামত সংগ্রহ করে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সম্ভাব্য সব বিষয় নিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। আশা করি, আমরা সত্য উদঘাটন করতে পারব।’
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে রেজাউল করিম রেজার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে