বগুড়ায় একাধিক মামলার আসামি রাকিবুল হাসান বকুল ওরফে ‘ল্যাংড়া বকুল’কে কুপিয়ে ও গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ঝোপগাড়ি অলির বাজার এলাকায় শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবুল হাসান বকুল ওরফে ‘ল্যাংড়া বকুল’ বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার মৃত আব্দুল গনির ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে স্ত্রী পারভীনের সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে যান রাকিবুল। সেখানে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় হাসুয়ার আঘাতে তাঁর গলা কেটে যায়।
গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর রাকিবুলের শ্বশুর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহিম আলী এনপিবি নিউজকে জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, নিহত রাকিবুল হাসান বকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।