বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান, পেশাগত দক্ষতা এবং সততার স্বীকৃতি স্বরূপ বগুড়া জেলার দুপচাঁচিয়ার তারাজুন মোকছেদিয়া ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক (বাংলা) আব্দুস সালাম সরদার ও বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক (ইংরেজি) জুলফিকার আলী গুণী শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোসলিম উদ্দিন খাঁ জেলা ও উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে শিক্ষাগত যোগ্যতা, পাঠদানের অভিনবত্ব, গবেষণা কর্ম, শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ ভূমিকা রাখায় বিভিন্ন যাচাই-বাছাই শেষে তাঁদেরকে জেলা পর্যায়ের গুণী শিক্ষক হিসাবে ঘোষণা করা হয়।
একান্ত আলাপচারিতায় সহকারি অধ্যাপক আব্দুস সালাম সরদার তাঁর এই কৃতিত্বের জন্য মাদ্রাসার গভণিং বডি, অধ্যক্ষ ও সহকর্মীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অপরদিকে জুলফিকার আলী তাঁর এই কৃতিত্বপূর্ণ অর্জন করায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডি, অধ্যক্ষ, সহকর্মী, শিক্ষার্থী এবং অভিভাবক মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।এক প্রতিক্রিয়ায় গুণী প্রভাষক জুলফিকার আলী বলেন, যে কোন কাজের স্বীকৃতি কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। এই গৌরব শুধু আমার একার নয়, এটি আমার প্রতিষ্ঠান এবং সকল শিক্ষার্থীর। আমি আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের সহজ ও আধুনিক পদ্ধতিতে শিক্ষায় সমৃদ্ধ করতে আরও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই। তিনি তাঁর এই অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলায় গুণী শিক্ষক হিসাবে মনোনীত হয়েছেন কলেজ স্তরে দুপচাঁচিয়া মহিলা কলেজের উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, মাদ্রাসা স্তরে তালোড়া শাহ এয়তেবারিয়া কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক আশরাফুল আলম পলাশ, প্রাথমিক স্তরে ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন।