বগুড়ার শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় শহরের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার ৯৪টি দুর্গাপূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। এর মধ্যে শেরপুর পৌর এলাকায় ৩৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। এ ছাড়া স্থানীয় বিভিন্ন সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সৌমেন্দ্র নাথ ঠাকুরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু ও সাবেক কাউন্সিলর গোবিন্দ কুমার বাগচী।
এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস, প্রথম আলো প্রতিনিধি সবুজ চৌধুরী, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক প্রমুখ।
সভায় পূজামণ্ডপের সড়ক মেরামত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সভা সঞ্চালনা করেন বাঁধন কুমার কৃষ্ণ ও সৌরভ অধিকারী।