গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্ত পাল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণীর বাবা মনি বনিক বাদী হয়ে সোমবার কালিয়াকৈর থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে শান্ত পালের প্রেমের সম্পর্ক ছিল। রোববার সকালে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তিনি সফিপুর এলাকায় শান্ত পালের সঙ্গে দেখা করেন। পরে তাকে একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ধর্ষণের অভিযোগ রয়েছে।
পরিবারের অভিযোগ, একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শান্ত পাল তরুণীর মরদেহ নিয়ে ময়মনসিংহের ভালুকায় তার গ্রামের বাড়িতে যান। স্বজনদের সন্দেহ হলে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন।
পরে স্থানীয় লোকজন শান্ত পালকে পুলিশের কাছে সোপর্দ করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ তাকে হেফাজতে নেয়। তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গ্রেপ্তার শান্ত পাল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল পালপাড়া গ্রামের সুনিল চন্দ্র পালের ছেলে। তিনি কালিয়াকৈরের সফিপুর আহমদনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, তরুণীর মৃত্যুর ঘটনায় শান্ত পালকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।