
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬ - ১৬:৪১
• পঠিত: ৫ বার

বগুড়ায় মাদক মামলায় এক বছর তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আলমগীর শেখকে (৪৯) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে শহরের তিনমাথা ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) এসআরবি-১২-এর বগুড়া ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির (সিপিএসসি) কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে, মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আলমগীর শেখ বগুড়া সদর থানার তিনমাথা এলাকায় অবস্থান করছেন। পরে এসআরবি-১২-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
আলমগীর শেখ বগুড়া সদর উপজেলার গাজী পালশা এলাকার মৃত ইউনুস শেখের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১৯(ক) উপধারায় দায়ের করা একটি মামলায় তাঁর এক বছর তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর আলমগীর শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
