
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ - ২০:৪৮
• পঠিত: ৩ বার

পোড়া তেল ব্যবহার, ময়লা মেঝেতে চানাচুর ফেলে পায়ে মাড়িয়ে মসলা মাখানো এবং পাখির বিষ্ঠাযুক্ত পরিবেশে খাদ্য সংরক্ষণের মতো ভয়াবহ অনিয়মের অভিযোগে বগুড়ায় ‘সাভার ফুড প্রোডাক্টস’-এর রকেট চানাচুর কারখানায় অভিযান চালানো হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী এলাকায় অবস্থিত কারখানাটিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
জেলা প্রশাসক, বগুড়ার সার্বিক নির্দেশনায় পরিচালিত অভিযানে কারখানাটিতে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে একাধিক অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র উঠে আসে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, চানাচুর তৈরিতে পোড়া তেল ব্যবহার করা হচ্ছিল। ময়লা মেঝেতে চানাচুর ফেলে পায়ে মাড়িয়ে তাতে মসলা মাখানো হচ্ছিল। এমনকি পাখির বিষ্ঠাযুক্ত মেঝেতে তৈরি খাবার সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া খাদ্য তৈরিতে এসএস স্টিলের ট্রের পরিবর্তে মেঝে ব্যবহার, ইন্ডাস্ট্রিয়াল লবণ প্রয়োগ, অপর্যাপ্ত স্যানিটেশন এবং কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিও অভিযানে উঠে আসে।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় সাভার ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদ, ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এ ছাড়া অভিযানে র্যাব-১২, বগুড়ার একটি চৌকস দল এবং জেলা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।
অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।





