এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বর্ধিত মেয়াদে কমিটির সভাপতিই যথানিয়মে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিলে স্বাক্ষর করবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে। ২৩ নভেম্বর সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা উত্তীর্ণ হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ মেয়াদোত্তীর্নের তারিখ থেকে নির্দেশক্রমে আরও ছয় মাস বৃদ্ধি করা হলো।

এর ফলে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হাসিনুর রহমান দিপু আরও ৬মাস দায়িত্ব পালনের সুযোগ পেলেন। শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ধারাবাহিকতা বজায় থাকবে। বিশেষ করে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সংক্রান্ত কার্যক্রমে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আশাবাদী স্থানীয়রা।