
কুড়িগ্রাম
প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ - ২২:১৬
• পঠিত: ২ বার

"মুক্ত চিন্তার দূরন্ত প্রকাশ '-স্লোগানে দৈনিক রূপালী বাংলাদেশ ২য় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করলো।
এ উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উত্তরের বিভাগীয় নগরী রংপুরের সিটি ভিউ হোটেলে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রূপালী বাংলাদেশের রংপুর ব্যুরো রেজাউল করিম মানিকের অয়োজনে সভাপতিত্ব করেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক।
চ্যানেল ২৪ এর রংপুর ব্যুরো ফখরুল শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মাহফুজুর রহমান, পিআইবির সিনিয়র রিসার্চ অফিসার গোলাম মুর্শেদ, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, রূপালী বাংলাদেশের লালমনিরহাটেে কালীগঞ্জ প্রতিনিধি হাসানুজ্জামান হাসান সহ রংপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পিআইবির সিনিয়র রিসার্চ অফিসার গোলাম মুর্শেদ বলেন, মুক্ত চিন্তার দূরন্ত প্রকাশ স্লোগানে ২য় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পন করলো রূপালী বাংলাদেশ। আমরা আশা করছি রূপালী বাংলাদেশ সামনের দিকে আরও এগিয়ে যাবে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা করে মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখবে, এ ধরনের সাংবাদিকতা রূপালী বাংলাদেশ করবে এ প্রত্যাশা রাখছি।
সামসুজ্জামান সামু বলেন, দুই বছরে দৈনিক রূপালী বাংলাদেশ রংপুরের অনেক উন্নয়নের কথা তুলে ধরেছে। আগামীতে আরও ভালো করবে এ প্রত্যাশা করি। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে সহযোগীতা থাকবে।





