ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় সৌহার্দ ফার্মেসিতে প্রায় ১৭ লাখ টাকার ওষুধ চুরির ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে তিনজন চোর ও এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। এ সময় চুরি হওয়া ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ এবং চুরি যাওয়া কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর রাতে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় সৌহার্দ ফার্মেসির টিনের শাটারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। চোরেরা ফার্মেসি থেকে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ওষুধ ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।
ঘটনার পর ফার্মেসির মালিক ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সূত্রের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। পরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তিনজন চোর ও একজন ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে চুরি হওয়া ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও কিছু চুরি যাওয়া ওষুধ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি চুরি যাওয়া বাকি ওষুধ ও নগদ টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।