
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬ - ৯:২৭
• পঠিত: ১১ বার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, নিষিদ্ধ উপকরণ ব্যবহার, মেয়াদবিহীন খাদ্য সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে চারটি খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় প্রতিষ্ঠানগুলোকে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম। বগুড়ার জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার বিসমিল্লাহ হোটেল, গ্রামীণ ফুডস, মৌবন ফুডস ও হোটেল স্টারে বিভিন্ন অনিয়মের চিত্র উঠে আসে।
অভিযান সূত্রে জানা যায়, বিসমিল্লাহ হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ময়লা-আবর্জনার পাশে মরিচ শুকানো, খাদ্যে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার এবং ওয়াশরুমের দরজার পাশে খাবারের প্লেট পরিষ্কারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া খাবার সংরক্ষণ ও কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও অনিয়ম দেখা যায়।
গ্রামীণ ফুডসে দীর্ঘদিনের পুরোনো মাওয়া, ক্ষীর ও দুধের ছানা মেয়াদ উল্লেখ ছাড়াই ফ্রিজে সংরক্ষণ, আমদানির প্রয়োজনীয় প্রমাণপত্র ছাড়া বিদেশি চকলেট মজুত ও বাজারজাত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
অন্যদিকে, মৌবন ফুডসে খাদ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, খাবারের মধ্যে পোকামাকড়ের অস্তিত্ব এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের বিষয়টি নজরে আসে।
হোটেল স্টারে ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, অপরিষ্কার হাতে ও টেবিলে খাবার তৈরি এবং পত্রিকার কালি লাগানো কাগজে খাবার পরিবেশন ও সংরক্ষণের মতো অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধের দায় স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বিসমিল্লাহ হোটেলকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় ১ লাখ টাকা, গ্রামীণ ফুডসকে একই আইনের ৩৩ ধারায় ৩ লাখ টাকা এবং মৌবন ফুডস ও হোটেল স্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় যথাক্রমে ৫ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করেন। মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়া প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে পাওয়া অনিয়মের বিষয়ে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, আদমদীঘি উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক নিরাপত্তা দেয় সান্তাহার ফাঁড়ি পুলিশের একটি দল।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সরকারি আইন ও বিধিবিধান মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।





