
শেরপুর বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬ - ১৯:৭
• পঠিত: ৫ বার

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে খাদ্য পরীক্ষা ও মোবাইল কোর্টের অভিযানে নানা অনিয়মের দায়ে ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট’কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহযোগিতা করে।
অভিযানকালে হোটেলটিতে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রান্নাঘরে শুকনো গোবর সংরক্ষণের স্থানে পরোটার ময়দার খামির তৈরি এবং ওয়াশরুমের দরজার পাশে বসে খাবারের প্লেট পরিষ্কারের মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া উৎপাদিত খাবার অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ, ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, পোড়া তেলে খাবার তৈরি এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়গুলোও অভিযানে উঠে আসে।
এসব অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকের কাছে এসব অনিয়মের বিষয়ে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, শেরপুরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় শেরপুর থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।
অভিযান শেষে প্রতিষ্ঠানটির মালিককে সরকারের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক, বগুড়ার সার্বিক নির্দেশনায় জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





