মানসনদ ছাড়াই দই উৎপাদন, বগুড়ায় দুই কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬ - ১৭:৩৩
• পঠিত: 10 বার

বগুড়া সদর উপজেলার সাবগ্রামে মানসনদ ছাড়াই দই উৎপাদন ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে কারখানার পরিবেশ ও উৎপাদনপ্রক্রিয়ায় প্রয়োজনীয় সংশোধন করে বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্ক) লাইসেন্স নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, অভিযানে সাবগ্রামের বিসমিল্লাহ দই ঘর অ্যান্ড সুইটস এবং রহমত দই ঘর পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটি বিএসটিআইয়ের মানসনদ না নিয়ে ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) উৎপাদন ও বিক্রি করছিল। এ ছাড়া কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং পণ্যের লেবেলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার বিষয়টি ধরা পড়ে।
পরে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিসমিল্লাহ দই ঘর অ্যান্ড সুইটসকে ২০ হাজার টাকা এবং রহমত দই ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল। বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান।
বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মানসনদবিহীন ও অনিয়মকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






