ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরি, মেইন লাইনের তারসহ মালামাল লুট

নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬ - ২১:১০
• পঠিত: 14 বার

ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরি, মেইন লাইনের তারসহ মালামাল লুট
অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে অবস্থিত ‘কামরাঙ্গা’ নামের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে চোরেরা বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। এর আগে সোমবার (২৪ আগস্ট) রাতে বাড়িতে এসে তিনি চুরির বিষয়টি দেখতে পান।
জিডি ও পরিবার সূত্রে জানা গেছে, ফজলুর রহমান বাবু ঢাকায় পরিবারের সঙ্গে বসবাস করলেও মাঝেমধ্যে ফরিদপুরের গ্রামের বাড়িতে আসেন। ‘কামরাঙ্গা’ নামের ওই বাসভবনটি প্রাচীর দিয়ে ঘেরা। বাড়ির ভেতরে রয়েছে দোতলা ভবন ও বাগান।
ফজলুর রহমান বাবু বলেন, ‘এটি আমার জন্মস্থান। মাঝেমধ্যে এখানে ছুটে আসি। মাসে দুই-একবার আসা হয়। গত ২০ থেকে ২৫ দিন আগেও এসেছিলাম। দুই দিন থেকে আবার ঢাকায় চলে যাই। সোমবার রাতে বাড়িতে এসে লাইট জ্বালাতে গিয়ে দেখি জ্বলছে না। পরে বাইরে গিয়ে দেখি বিদ্যুতের মেইন লাইনের তার নেই। ছাদে গিয়ে দেখি এসির তারও নেই। এছাড়া বাইরে থাকা বেশ কিছু মালামালও নেই।’
তিনি আরও বলেন, সম্প্রতি এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। তাঁর ধারণা, মাদকসেবীরা নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন বাড়িতে চুরি করছে। এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁরা শঙ্কিত বলেও জানান তিনি।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, অভিনেতা ফজলুর রহমান বাবু নিজে থানায় এসে চুরির ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।






